রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৪২

দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ রবিবার। এই সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে দলীয় কার্যালয়, শহরের প্রবশপথ আমচত্বর, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরসহ (রেলগেট) পুরো মহানগরী ও উপকণ্ঠ এলাকা।

দলীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এ সম্মেলন উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং নুরুল ইসলাম ঠান্ডু। এছাড়া জেলার সকল এমপিসহ বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর রাজশাহী ও বগুড়া জেলা কমিটি নিয়ে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে শীর্ষ দুই পদে পরিবর্তনের প্রস্তাব রাখা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাবেক এবং একজন বর্তমান এমপির নাম উল্লেখ করে তাদের ব্যাপারে মতামত চান। একই সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মূল্যায়ন করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ ডিসেম্বর শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে রাজশাহী জেলার সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ২৬ নভেম্বর দলের সভাপতি শেখ হাসিনা ৭১ সদস্যের কমিটি অনুমোদন করেন।