বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট কাল সোমবার আদালতে দাখিল করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
উপাচার্য জানান, সাত সদস্যের মেডিক্যাল বোর্ড বৈঠক করেছে। পরীক্ষা-নীরিক্ষাগুলো বোর্ড দেখেছে। বেগম খালেদা জিয়া আগের অবস্থায়ই আছেন। নতুন করে শরীরে কোনো রোগ দেখা যায়নি। তার গিরার ব্যথা আগের মতোই রয়েছে। কিছুটা শীত নামায় ব্যথাটা বেড়েছে। এ কারণে নিজে চলাফেরা করতে পারেন না। আগের মতো হুইল চেয়ারে বসেই চলাফেরা করতে হয়।
মেডিক্যাল বোর্ড প্রধান ও বিএসএমএমইউর মেডিসিন বিভাগের অধ্যাপক জিলন মিঞা সরকার জানান, গত ১ এপ্রিল ভর্তির দিনে বেগম খালেদা জিয়ার ব্যথা যেমন ছিল, তেমনই আছে। তিনি অনুমতি না দেওয়ায় আধুনিক চিকিত্সা দেওয়া সম্ভব হয়নি। তিনি (বেগম খালেদা জিয়া) বলেছেন, তার এক আত্মীয় ঐ চিকিত্সা নিতে গিয়ে পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়েছেন। তাই ঝুঁকি নিতে চান না। তিনি সম্মতি না দেওয়ায় মেডিক্যাল বোর্ডও আর পীড়াপীড়ি করেনি। এ কারণে তার গিরার ব্যথা আগের অবস্থায় আছে। সর্বশেষ আগামী বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছিল সুপ্রিম কোর্ট।
