সিরামিক এক্সপোতে স্পট অর্ডার ৫৫ লাখ ডলার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

ইত্তেফাক রিপোর্ট

৫৫ লাখ ডলার স্পট অর্ডারের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় সিরামিক এক্সপো বাংলাদেশ-২০১৯। আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করে ‘সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন। এবারের প্রদর্শনীতে প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরেন। এস কে সুর চৌধুরী বলেন, বাংলাদেশের সিরামিক শিল্প যে এতোটা এগিয়ে গেছে, এটা অনেকেই জানতেন না। নতুন প্রজন্ম দায়িত্ব নিয়ে এগিয়ে আসছে, এটা খুবই আশাব্যঞ্জক। বিসিএমইএ-এর সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, মেলা থেকে আমরা প্রত্যাশার থেকেও বেশি সাড়া পেয়েছি। অনেক নতুন যোগাযোগ তৈরি হয়েছে এবারের মেলায়। অনেকে খুঁজে পেয়েছে নতুন বায়ার, কেউবা পেয়েছেন স্বল্প খরচে কাঁচামালের নতুন সংস্থান। সবমিলিয়ে প্রতিযোগিতাপূর্ণ একটা পরিবেশে ব্যবসার নতুন দরজা খুলে গেছে।