ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের শুরুতে গতকাল রবিবার বড়ো দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক কমেছে ৭৫ পয়েন্টের বেশি। সেই সঙ্গে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। গতকাল ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির ১৩ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ১৭২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩৪৯ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৪৬ টাকা। যা গত কার্যদিবস থেকে ৮৩ কোটি ৪০ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪৩২ কোটি ৪১ লাখ টাকা।
গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২২ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৪১ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো—সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, ডেফোডিল কম্পিউটার, লাফার্জহোলসিম বাংলাদেশ, এসকে ট্রিমস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বিকন ফার্মাসিউটিক্যাল, জেনেক্স ইনফোসিস ও ওয়াটা কেমিক্যালস। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—রিজেন্ট টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, ইস্কয়ার নিট কম্পোজিট, সোনারবাংলা ইন্সু্যুরেন্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, খুলনা পাওয়ার, ন্যাশনাল ফিড মিল, প্রিমিয়ার লিজিং, আইসিবি ইসলামী ব্যাংক লি. ও নিউ লাইন ক্লথিং।
অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
