জেএমবির বোমা হামলায় নিহতদের স্মরণে পাঁচ মিনিট স্তব্ধ ছিল নেত্রকোনা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

নেত্রকোনা প্রতিনিধি

জেএমবির বোমা হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে রবিবার পালিত হয়েছে নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজেডি দিবস। দিবসকে কেন্দ্র করে এদিন নেত্রকোনা জেলা শহর পাঁচ মিনিটের জন্য স্তব্ধ ছিল।

সকাল ১০টা ৪০ মিনিটি  থেকেই সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুরো জেলা শহরে এই সময় কোনো শব্দ ছিল না। যে যেখানে ছিলেন, সেখানেই পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়ে যান। স্মরণ করেন ২০০৫ সালে বোমা হামলায় নিহতদের।

এছাড়া নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে জেলা শহরের অজহর রোডে উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। বিকালে স্থানীয় শহীদ মিনারে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ এবং প্রতিবাদী গণজাগরণী সংগীত অনুষ্ঠিত হয়।