মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় উচ্চফলনশীল বিভিন্ন জাতের ফল চাষের বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। কুমিল্লার কৃষি গবেষণা কেন্দ্র সম্প্রতি উচ্চফলনশীল বিভিন্ন জাতের ফলের উদ্ভাবন করেছে, যা এই জেলার মাটিতে চাষ করলে ভালো ফলাফল পাওয়া যাবে। জেলা কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
জেলা কৃষি গবেষণা কেন্দ্র ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষিতে কুমিল্লা জেলা সমাদৃত হলেও ফল চাষে অনেক পিছিয়ে ছিল। দীর্ঘদিন ধরে এই জেলার মাটিতে উচ্চ ফলনশীল জাতের ফল চাষ ও ফলন ভালো হবে না—এমন ধারণা পোষণ করে আসছিল কৃষকরা। কিন্তু কুমিল্লা কৃষি গবেষণা কেন্দ্র কৃষকদের এমন ধারণা পালটে দিয়েছে। এখন তাদের উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ফলের উদ্ভাবনের কথা শুনে জেলার কৃষকরা এসব ফলের চারা সংগ্রহে ভিড় জমাচ্ছেন। ফল চাষ করতে কৃষি গবেষণা কেন্দ্র আবহাওয়া ও মাটি উপযোগী ফলের জাত উদ্ভাবন করছে। আম, বরই, লিচু, কলা, মালটা, সফেদা, আনার, জাম্বুরা, নারিকেল ও ড্রাগনসহ নানা জাতের উচ্চফলনশীল ফলের চারা উত্পাদন করে তা কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লার গবেষক সিফাতে রাব্বানা খানম জানান, এখানকার মাটিতে ফল চাষ ভালো হবে কি না তা নিয়ে দীর্ঘদিন গবেষণা করতে হয়েছে। তারা মাটির ধরন অনুযায়ী গবেষণা করছেন। গবেষণা শেষে ভালো ফলাফল পাওয়ারও আশা ব্যক্ত করেন।
কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উবায়দুল্লাহ কায়ছার জানান, তারা গবেষণা করে বেশ কয়েকটি জাত উদ্ভাবন করেছেন, যা ভালো ফলন দেবে। কুমিল্লায় ব্যাপক ফল চাষ হবে বলে তিনি আশা করেন।
