ঝিনাইদহে নতুন পেঁয়াজ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ জেলায় আগাম চাষ করা মুড়িকাটি পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে হাটবাজারে এ পেঁয়াজের আমদানি বাড়লেও দাম নিয়ন্ত্রণে আসছে না। খুচরা প্রতি কেজি মুড়িকাটি পেঁয়াজ ১৭০ টাকা দরে কেনাবেচা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, চলতি মৌসুমে জেলায় ৯ হাজার ২০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯০০ হেক্টরে আগাম জাতের মুড়িকাটি পেঁয়াজ চাষ করা হয়েছে। ঐ পেঁয়াজ উঠতে শুরু করেছে। দেশের অন্যতম প্রধান পেঁয়াজের হাট শৈলকুপায় পাইকারি প্রতি কেজি মুড়িকাটি পেঁয়াজ ১৫০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। অপরদিকে শৈলকুপা বাজারে এই পেঁয়াজ খুচরা ২০০ টাকা কেজি দরে কেনাবেচা হতে দেখা গেছে। এই পেঁয়াজ রবিবার ঝিনাইদহ হাটে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। আর শৈলকুপা হাটে পুরোনো পেঁয়াজ স্বল্প পরিমাণ ওঠে। পাইকারি প্রতি কেজি ২২৫ টাকা দরে কেনাবেচা হচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। শৈলকুপা হাটে ঝাউদিয়া গ্রামের চাষি অজিত বিশ্বাস জানান, দুই বিঘা জমিতে মুড়িকাটি পেঁয়াজ চাষ করেছেন। প্রথম দফায় ১৫ মণ পেঁয়াজ তুলেছেন। গত মঙ্গলবার হাটে নিয়ে ৬ হাজার টাকা মণ দরে বিক্রি করেছেন। ফলন ভালো হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে জেলায় টিসিবির তিন টন পেঁয়াজ বরাদ্দ এসেছিল। তা বিক্রি হয়ে গেছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, আরো পাঁচ টন পেঁয়াজ বরাদ্দ করা হয়েছে। তবে উপজেলা পর্যায়ে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হচ্ছে না।
