সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগের গাজীরহাট বাজারের লন্ড্রি ব্যবসায়ী মো. রসুল মিয়ার (৫৫) দোকানে ইয়াবা রেখে তাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে তিন যুবক। ঘটনাটি ঘটে শনিবার রাতে উপজেলা ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট বাজারে। থানা পুলিশ শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিন জনকে আটক করে।
আটককৃতরা হলেন সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের জুলফিকার আলীর ছেলে মো. সুমন (৩০), একই গ্রামের মৃত আবদুল মান্নান মাস্টারের ছেলে মো. মিলন (৩২), উপজেলা হরিনকাটা গ্রামের মুসলিম মিয়ার ছেলে মো. স্বপন (২৮)। তাদের তিন জনের বিরুদ্ধে সেনবাগ থানার এএসআই গোপাল বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান ইত্তেফাককে জানান, গ্রেফতারকৃত সুমন, মিলন ও স্বপন কৌশলে একটি প্যাকেটে করে ২৪ পিস ইয়াবা উপজেলার গাজীরহাট বাজারের ব্যবসায়ী রসুল মিয়ার লন্ড্রি দোকানে রেখে তার দোকানে মাদক রয়েছে বলে থানায় খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ ব্যবসায়ী রসুলকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে নির্দোষ দাবি করে। এ সময় বাজারের ব্যবসায়ীরাও তাকে নির্দোষ হিসেবে দাবি করে। পরে পুলিশকে মাদকের বিষয়ে খবর পাঠানো মোবাইলের সূত্র ধরে তিন জনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঘটনা স্বীকার করে জানান, রসুলের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জসিম নামে এক প্রবাসী তাদের টাকার বিনিময়ে এই কাজ করতে বলে।
