প্রতারণার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগে নোয়াখালী সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির দুই ছাত্রী ও এক বিকাশ এজেন্টসহ তিন জনকে গ্রেফতার করে জেলা সিআইডি পুলিশ। শনিবার রাতে অভিযুক্ত বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে মারজাহান আক্তার (১৯), সেনবাগ উপজেলার কেশার পাড় ইউনিয়নের লেদুয়া গ্রামের গোলাম মাওলার মেয়ে শাহজাদী মজুমদার (২০) ও নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের হোসেন আহমদের ছেলে বিকাশ এজেন্ট মোশারফ হোসেন মনুকে (৩০) গ্রেফতার করে পুলিশ। গতকাল রবিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। জেলা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম জানান, কোম্পানীগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী সাইফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে ঐ দুই ছাত্রীকে তাদের অভিভাবকদের মাধ্যমে জেলা সিআইডি পুলিশ কার্যালয়ে আনা হয়। পরে আটককৃত বিকাশ এজেন্ট মনুসহ তাদেরকে জিজ্ঞাসাবাদের পর ৩ লাখ টাকা প্রতারণার সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কুয়েত প্রবাসী সাইফুল তাদের বিরুদ্ধে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।
