রফিক উদ্দিন বাবুল, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় এক যুবককে খুনের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলা ও উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। নিহত যুবক রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি গ্রামের বাদশা মিয়ার ছেলে এনামুল হক (২৫)। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে শাহজাহানের ছেলে রেজাউল করিম ও একই গ্রামের অলিউল্লাহ নামের দুই জনকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে এ খুনের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দায়ের করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেজাউল করিম ও অলিউল্লাহসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলায় আরো একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
