কোন চাঁদাবাজ সন্ত্রাসীর স্থান বাগেরহাটে হবে না: শেখ তন্ময়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২৩:১৮

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় বলেছেন, ‘আগামী ৩০ তারিখের নির্বাচন শেষে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বাগেরহাটে কোন সন্ত্রাসী চাঁদাবাজের স্থান হবে না। এই কথার ওপর আপনারা শতভাগ আস্থা রাখতে পারেন।’

সোমবার বিকেলে সদর উপজেলার ফতেপুৃর এলাকায় চিতলী-বৈটপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

তিনি আরো বলেন, 'কেউ আমার কাছের বা দূরের লোক নয়। আমি নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে আমি একটি সুন্দর বাগেরহাট গড়ে তুলবো। এলাকায় নতুন কারখানা গড়ে তোলা হবে। যাতে এখানে বেকার সমস্যা না থাকে।'

শেখ তন্ময় বলেন, 'একজন নির্বাচিত সংসদ সদস্য একটি গাড়ি পায়, একটি বাড়ি পায়, আর মাসে মাসে সম্মানী পায়। এসব কোন কিছুই আমার দরকার নেই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত যদি আপনারা আমার পাশে থাকেন, তারপর থেকে আমি আপনাদের হয়ে যাব। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি যেদিন আমি যেতে পারবো সেদিনই আমি নিজেকে নেতা বলে মনে করবো। এখন আমি নেতা নই আপনাদের মাত্র।'

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগ এই নির্বাচনী জনসভার আয়োজন করে। বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে ওই নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, চিত্র নায়ক ফেরদাউস, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম মিঠু, বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু প্রমুখ।

আরও পড়ুনঃ মদনে বিএনপির দুই কর্মী গ্রেফতার

নির্বাচনী সভায় স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু