সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতকে একই সময়ে পাশাপাশি স্থানে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের সভা ও গণমিছিলের আহ্বান করায় শহরে ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর শহর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবির। শনিবার রাতে শহরে মাইকযোগে ১৪৪ ধারা জারি করে এসব এলাকায় সব ধরনের গণজমায়েত ও সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়। ফলে পূর্ব ঘোষিত সভা-সমাবেশ ও মিছিল করতে পারেনি বিবদমান দুই গ্রুপের মধ্যে কেউ।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, শহরের শান্তি রক্ষায় পর্যাপ্ত পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়েছে।
