দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা
দিরাইয়ে নিখোঁজের দুই দিন পর বসতঘরের বারান্দা থেকে শিশু সোহাগ মিয়ার (১০) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকার আব্দুল হাসিম মিয়ার ঘর থেকে লাশ উদ্ধার করে দিরাই থানা পুলিশ। সোহাগ শাল্লা উপজেলার শশারকান্দা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। নিহত সোহাগের মা রুকেনা বেগম দুপুত্র সন্তান নিয়ে বাবা আব্দুল হাসিমের বাড়িতে থাকেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মাঠে খেলতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে রাতে ফেরেনি সোহাগ। পরদিন শনিবার ছেলে নিখোঁজের ঘটনায় দিরাই থানায় সাধারণ ডায়ারি করেন রুকেনা বেগম। রবিবার দুপুরে ঘরের পাশের খড়কুটো রাখার বারান্দা থেকে দুর্গন্ধ বের হলে দরজা খুলে দেখা যায় গলায় ফাঁস লাগানো শিশু সোহাগের লাশ ঝুলছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
