রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত্ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল রবিবার দুপুরে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে ওই কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আলেকজান্ডার বাজারের ব্যবসায়ীসহ পল্লী বিদ্যুতের কয়েকশ গ্রাহক অংশ নেন। এসময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আলমগীর হোসেন ও উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল।
রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাপরিচালক মো. আবু বকর সিদ্দীক বলেন, আঞ্চলিক কার্যালয়ের টিনসেড ভাড়া বাড়িটির চালের টিন নষ্ট হওয়ায় পানি পড়ে ফাইল-পত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া কার্যালয়ের লোকবল বেড়ে যাওয়ায় জায়গারও সংকুলান হচ্ছে না। এ অবস্থায় বাধ্য হয়েই কার্যালয়টি স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
