কলেজ শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
সাতক্ষীরা প্রতিনিধি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে তালা শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম সভাপতি ও ভালুকা চাঁদপুর কলেজের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতদের মধ্যে রয়েছেন কামরুল ইসলাম, খলিলুর রহমান, ড. শিহাবউদ্দিন, শিবপদ গাইন ও সফিকুল ইসলাম সহসভাপতি, আরশাদ আলী যুগ্ম সম্পাদক, হারুন-উর-রশীদ ও রনন্দ্রনাথ কর্মকার সহসম্পাদক, এসএম সফিউল ইসলাম কোষাধ্যক্ষ, নারায়ণ চন্দ্র চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক, নাজমুল হক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, বাসু দেব সিংহ প্রচার সম্পাদক, তথ্য ও পাঠাগার সম্পাদক মোহিত কুমার দাশ প্রমুখ।
নিরাপদ সবজি উত্পাদনে কৃষকদের প্রশিক্ষণ
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় রবিবার পাঁচ দিনব্যাপী নিরাপদ সবজি উত্পাদনে কৃষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় এর আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা লুত্ফুন্নাহার লুনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাগিব মাহফুজ, উপজেলা ডেভেলপম্যান্ট ফ্যাসিলিটেটর মেহেদী হাসান প্রমুখ।
কাউখালীতে মহিলা পরিষদের কর্মশালা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা উপজেলায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে রবিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আইনগত সহায়তা গ্রহণকারীদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, মহিলা পরিষদের জেলা শাখার সহসভাপতি জাহানারা হাবীব, সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার প্রমুখ।
বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বেগম রোকেয়া অডিটরিয়াম হলরুমে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোকসানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন প্রমুখ।
আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলায় রবিবার কৃষকদের কাছ থেকে সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর ই আলম সিদ্দিকি, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদিশ চন্দ্র সরকার প্রমুখ।
মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির দাবি
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে আগের কমিটির তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বর্তমান যাচাই বাছাই কমিটি বাতিল করার প্রতিবাদ এবং মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে রবিবার বঞ্চিত মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও সমাবেশ করেছেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন দেন। উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবিকারী আবদুল মোতালিব, আবদুল কবির, মীর মোশারফ হোসেন, কানু দেব ও মরহুম হারুনুর রশীদের ছেলে জিয়াউল হাসান বক্তব্য রাখেন।
জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা শিবগঞ্জে রবিবার জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা প্রশাসন শিবগঞ্জ শাখা সোনালী ব্যাংকের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. পিয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া। ওয়ার্কশপের মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপব্যবস্থাপক রঞ্জিত কুমার চক্রবর্তী।
