আহমেদ জসিম
‘টাকাই-টাকা’ করছি কেন টাকাই কি সবকিছু?
হাঁটছি কেন অষ্টপ্রহর টাকার পিছু-পিছু।
টাকার পথে ছুটছি শুধু টাকার কাছেই থামি,
টাকাই যেন সব বিচারে সবার চেয়ে দামি।
তাই বুঝি আজ সকল দিকে মূল্যবোধের ক্ষয়,
ঘৃণার কাছে ভালোবাসার হচ্ছে পরাজয়।
অস্থিরতা, পঙ্কিলতা বাড়ছে লতায়-পাতায়,
চোখটি মেলে দেখছি ক্ষতি, শূন্য লাভের খাতায়।
‘টাকায় আসে সুখ-শান্তি’—এই কথাটি ভুল,
কথায় বলে, অর্থ নাকি অনর্থেরই মূল।
বাঁচতে হলে টাকার নেশায় টানতে হবে যতি,
বন্ধু-স্বজন সবাই হবো মানবসেবায় ব্রতী।
