চাঞ্চল্যকর মামলা নিবিড় তদারকির নির্দেশ আইজিপির

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

বিশেষ প্রতিনিধি

চাঞ্চল্যকর মামলাসমূহ নিবিড় তদারকির জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন  পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিচার শেষ না হওয়া পর্যন্ত মামলা মনিটর করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। গতকাল রবিবার পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ প্রদান করেন। সভায় সকল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটনের কমিশনার ও জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন।

আইজিপি বলেন, থানাকে জনগণের আস্থায় আনার লক্ষ্যে আমরা কাজ করছি। থানায় আসা জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। পুলিশের কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। পুলিশ সম্পর্কে জনগণের মধ্যে ইতিবাচক ধারণা তৈরিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

পুলিশ প্রধান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি। মাদকের সঙ্গে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তিনি যে হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে কোনো ছাড় দেওয়া হবে না।

আইজিপি বলেন, বর্তমানে দেশে জঙ্গি তত্পরতা নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের বিশেষায়িত ইউনিটসহ অন্যান্য ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জঙ্গিদের কার্যক্রম এবং তাদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে।

সভায় পুলিশ সদর দফতরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান গত ৩ মাসের (জুলাই-সেপ্টেম্বর ২০১৯) সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন। সভায় অপহরণ, খুন, ডাকাতি, ছিনতাই, এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য, চোরাচালান দ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, সড়ক দুর্ঘটনা, গাড়ি চুরি, রাজনৈতিক সহিংসতা, অপমৃত্যু, পুলিশ আক্রান্ত মামলা, পরোয়ানা তামিলসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় অ্যান্টিটেররিজম ইউনিটের নতুন ওয়েবসাইট ও অ্যাপস Inform ATU উদ্বোধন এবং বাংলাদেশ পুলিশ একাডেমির জার্নালের মোড়ক উন্মোচন করা হয়।