উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর জিএসপি প্লাস সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২২:০২

ইইউ-বাংলাদেশ বাণিজ্য সংলাপ

 ইত্তেফাক রিপোর্ট

আগামী ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পরিণত হবার পর বাংলাদেশের জন্য জিএসপি প্লাস সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতকাল রবিবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-বাংলাদেশ বাণিজ্য সংলাপে তিনি এ সুবিধা চান। বাণিজ্যমন্ত্রী বলেন, ইইউ বাংলাদেশের বড়ো ব্যবসায়িক অংশীদার এবং রপ্তানি বাজার। আগামী ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। এর তিন বছর পর বাংলাদেশ এলডিসিভুক্ত দেশের সুবিধাগুলো আর পাবে না। এ সময় বাংলাদেশ আশা করে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ‘জিএসপি প্লাস’ বাণিজ্য সুবিধা দেবে। ২০১৬ সালে এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। পাঁচটি সেক্টরে কাজ করার জন্য পাঁচটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এগুলো হলো- কাস্টমস, ফার্মাসিউটিক্যালস, ট্যাক্স, ফাইনানসিয়াল ফ্লোস এবং বিনিয়োগ। গতকাল সংলাপে বাণজ্যিমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে  বাংলাদেশ পক্ষে সভায় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনসহ ২০ জন প্রতিনিধি অংশ নেন। এছাড়া ইইউ রাষ্ট্রদূত রেনেসি তেরিংকসহ জার্মানি, নেদারল্যান্ডস ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইতালির রাষ্ট্রদূত ও ব্যবসা খাতের নেতারা    উপস্থিত ছিলেন।