নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি, গণমাধ্যমের মুক্তি, গণমানুষের মুক্তি। খালেদা জিয়ার জামিন না হলে আন্দোলনের ডাক দেবে বিএনপি। ১২ ডিসেম্বর তার মুক্তি না হলে বুঝতে হবে শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপের কারণে এটা হয়নি। আর যদি তাই হয়, তাহলে ১২ ডিসেম্বরের পর এদেশে এক দফা আন্দোলন হবে। আর তা হবে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রবিবার শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য এমদাদুল হক আল মামুন প্রমুখ।
