কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুত্ কেন্দ্রে কোল ইয়ার্ডের (কয়লা রাখার ডোম) কিন গুইলিন (৪০) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার কেন্দ্রের ভেতর এ দুর্ঘটনা ঘটে।
পায়রা তাপবিদ্যুত্ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, কিন গুইলিন প্রতিদিনের মতো কোল ইয়ার্ডের ওপরে উঠে কাজ করছিলেন। নিরাপত্তা বেল্ট লাগানোর সময় কোল ইয়ার্ডের প্রায় ৮০ ফুট ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, কিন গুইলিনের বাড়ি চীনের জিয়াংজু এলাকায়। তিনি শুরু থেকেই তাপবিদ্যুত্ কেন্দ্রের উন্নয়নকাজে নিয়োজিত চীনা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (এনইপিসি) অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মৃতদেহ বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পরে ঢাকায় পাঠানো হবে বলে বিসিপিসিএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
