রাজশাহীতে ইটভাটা থেকে মালিক সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

  স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রশাসনের দোহাই দিয়ে রাজশাহীর ১২৫ ইটভাটায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে মালিক সমিতির বিরুদ্ধে। প্রতিটি ইটভাটা থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করছেন তারা। তবে চাঁদা প্রদানকারী ইটভাটা মালিকদের দেওয়া হয়নি কোনো রশিদ। আদায়কৃত চাঁদা অর্ধ কোটি ছাড়িয়েছে বলে জানা গেছে।

ইটভাটা মালিকদের অভিযোগ, কোনো প্রমাণপত্র ছাড়াই চাঁদা উত্তোলন করা হচ্ছে প্রতিটি ইটভাটা থেকে। এর আগের বছরগুলোতে ৩২ হাজার টাকা উত্তোলন করা হলেও এবার তা ৫০ হাজার টাকায় উঠেছে। এরই মধ্যে অধিকাংশ ভাটা মালিক চাঁদা প্রদান করেছেন বলেও জানা গেছে। এ নিয়ে ইটভাটা মালিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। তারা জানেন না ঐ টাকা কি কাজে ব্যবহার হবে। তবে বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করতে ঐ চাঁদা উত্তোলন করা হচ্ছে বলে দাবি করেছেন ইটভাটা মালিক সমিতির নেতারা।

ইটভাটা মালিকরা অভিযোগে বলেন, যারা চাঁদা দিতে চান না, তাদের নানাভাবে হয়রানি করা হয়। এমনকি এবারও নির্ধারিত টাকা না দিলে প্রশাসন নানাভাবে হয়রানি করবে বলে হুমকি দেওয়া হয়। ফলে ভয়-ভীতির কারণে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ইটভাটা মালিক বলেন, আগের বছরগুলোতে ৩২ হাজার টাকা নেওয়া হলেও এবার ৫০ হাজার টাকা নেওয়া হচ্ছে। কোন কোন খাতে ব্যয় করা হয় তার হিসাব কখনো পাওয়া যায় না। তবে চাঁদা উত্তোলনের সময় মালিক সমিতির থেকে বলা হয়েছে ডিসি অফিসের এলআর ফান্ড, পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসনসহ স্থানীয় পুলিশকে দিতে হবে চাঁদার টাকা। এদিকে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, এ ধরনের চাঁদা নেওয়ার ঘটনা তার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।