ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বনানীর স্টাফ রোডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ট্রেন থেকে পরার কারণে শিশুটির মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তার বয়স আনুমানিক (১১) বছর। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, রবিবার বেলা সাড়ে ১১টায় স্টাফ রোডসংলগ্ন রেললাইন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এসআই আকবর বলেন, প্রাথমিকভাবে পোশাক দেখে ধারণা করা হয়েছে, শিশুটি কোনো মাদ্রাসার শিক্ষার্থী। বিমানবন্দরগামী ট্রেন থেকে পড়ে যায় সে। পড়ে গেছে, না ফেলে দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে আকবর হোসেন বলেন, ‘বিষয়টি তদন্তের পর বলা যাবে। আমরা তার পরিচয় পাওয়ার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার কারণে পড়ে যেতে পারে।’
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাত পর্যন্ত শিশুটির কোনো স্বজন সেখানে যাননি।
