প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আপিল ও হাইকোর্টের রেজিস্ট্রারদ্বয়কে রাশিদা চৌধুরী নামের এক আইনজীবী গতকাল রবিবার ডাকযোগে এই নোটিশ পাঠান। এতে বলা হয়েছে, গত ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার শুনানিকে কেন্দ্র করে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটে। ঐ ঘটনায় বিএনপির আইনজীবীরা দাবি করেছেন, ‘খালেদা জিয়াকে জামিন দিতে হবে। নইলে এজলাস কক্ষ থেকে যাব না’। পরদিন বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। যা আদালত অবমাননার শামিল। প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে ঐদিনের ঘটনা সম্পর্কে জানা যায় সেদিন কোর্ট রুমে কি ঘটেছিল। নোটিশে বলা হয়েছে, ঘটনার দিন আপনারা আদালত কক্ষে উপস্থিত ছিলেন না এবং হট্টগোল বন্ধেও কোনো ব্যবস্থা নেননি। ফলে ঐদিন আদালতের স্বাভাবিক বিচার কাজ পরিচালিত হতে পারেনি। এছাড়া ঐ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আপনারা বাধ্য। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য আদালতের বিচার কার্যক্রম যাতে বিঘ্নিত না হয় এবং কোর্ট রুমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে বিবাদীদেরকে নোটিশ দেওয়া হয়েছে।
