ফেনীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে প্রবাসী যুবক নিহত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২২:২১

ফেনীর ছাগলনাইয়ায় ধুমঘাট বালু মহাল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ  করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিরাজ উদ্দিন (২৭) নামের এক প্রবাসী নিহত এবং তিন জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতির বাজার এলাকায়।

এলাকাবাসী জানায়, ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান ও ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ এম আজিজুল হক মানিকের সঙ্গে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকুল সিদ্দিকীর মধ্যে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে গতকাল বিকালে মানিক গ্রুপের কয়েক জন যুবক সিএনজি অটোরিকশাযোগে সমিতির বাজার গিয়ে জুলফিকুল গ্রুপের লোকদের ওপর হামলা চালায়। এর ফলে উভয়               গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদেরের পুত্র ওমান প্রবাসী সিরাজ উদ্দিন। এ সময় একই গ্রামের পারভেজ (২৬) ও জিহানসহ (২২) মোট তিন জন আহত হয়।

সিরাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ফলে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ  করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সিরাজ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান ও ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ এম আজিজুল হক মানিক এই হামলার সঙ্গে তার গ্রুপের লোকদের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, জুলফিকুল গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।