খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করতে দিচ্ছে না সরকার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২২:২৩

গত ২৫ দিন যাবত্ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার ভাই-বোন-স্বজনরা সাক্ষাত্ করার আবেদন করলেও কারা কর্তৃপক্ষ শেখ হাসিনার নির্দেশে অনুমতি দিচ্ছে না। গত ২৫ দিন হলো তার সঙ্গে স্বজনদের সাক্ষাত্ বন্ধ করে দিয়েছে সরকার। গত ১৩ নভেম্বরের পর আর সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে খালেদা জিয়াকে নিয়ে আমরা চরম শঙ্কা ও উত্কণ্ঠায় আছি। একজন বন্দির সঙ্গে স্বজনদের দেখা করতে না দেওয়া এক চরম মানসিক নিপীড়ন। অবিলম্বে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি।

গতকাল রবিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, পৃথিবীর কোনো নিষ্ঠুর স্বৈরতান্ত্রিক দেশেও বন্দিদের সঙ্গে এরূপ দুর্ব্যবহার করা হয় না, যা করা হচ্ছে বেগম জিয়ার সঙ্গে। পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে সাক্ষাতের জন্য বারবার আবেদন করার পরেও কারা কর্তৃপক্ষ তাতে কোনো কর্ণপাতই করেনি। কারাবিধি অনুযায়ী সাত দিন পরপর বন্দিদের সঙ্গে সাক্ষাতের নিয়ম। অথচ বেগম জিয়ার ক্ষেত্রে এই বিধান করা হলো ১৫ দিন পরপর। এখন সেই ১৫ দিনের বিধানকেও সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে।

রিজভী আরো বলেন, সরকারের কারসাজিতেই বেগম জিয়ার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম, নিম্ন আদালতে বিচারের নামে বেগম জিয়া অবিচারের শিকার হলেও উচ্চ আদালতে তিনি সুবিচার পাবেন। নিম্ন আদালতের বিচারকদের মতো নয়, উচ্চ আদালতকে ন্যায়বিচার অক্ষুণ্ন রাখতে হবে, তা না হলে মধ্যরাতের নির্বাচনের সরকার বেগম জিয়ার জামিনে বাধা দিতে সর্বশক্তি নিয়োগ করবে।