ধামরাই পৌর শহরের ইসলামপুরে টোল দিতে দেরি হওয়ায় রায়হান নামে এক অটোরিকশা চালককে বেদম পিটিয়ে গুরুতর জখম করেছে টোল আদায়কারীরা। আহত রায়হানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের ইসলামপুরে টোল আদায় পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতি দিনের মতো গত শুক্রবার ইজারাদারের লোকজন রিকশা, ভ্যান, অটোরিকশা, ভটভটি থেকে ১০-২০ টাকা টোল আদায় করছিল। সন্ধ্যায় রায়হানের অটোরিকশাটি ইসলামপুরে এসে থামলে টোল আদায়কারী তার কাছে পৌর টোল চায়। টোল দিতে দেরি হওয়ায় আদায়কারী রেগে গিয়ে তার লোকজন নিয়ে অটোরিকশা চালক রায়হানকে পিটিয়ে মারাত্মক জখম করে এবং তার কাছ থেকে সব টাকা পয়সা ছিনিয়ে নেয়। আহত রায়হান (৩৫) বগুড়ার আদমদীঘির বিনাহালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। জানা গেছে, টোল আদায়কারীরা ঐ রাস্তাটি পৌরসভা থেকে ইজারা নিয়েছে। এ বিষয়ে মেয়রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
