১৫ দফা দাবিতে সম্প্রতি পালন করা ধর্মঘট বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নয় বলে দাবি করেছেন সংগঠনের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজমুল হক। তিনি বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনেরও সভাপতি। তিনি বলেন, এটি ছিল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। ২০০৪ সালে সংগঠন থেকে বহিষ্কৃত কতিপয় ব্যক্তি নিয়মনীতি অনুসরণ না করে সরকারকে বেকায়দায় ফেলতে এ ধর্মঘটের ডাক দেয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাজমুল হক বলেন, সরকার যখন আমাদের দাবিগুলো সুবিবেচনায় নিয়েছে, তখন হঠাত্ করে তারা তিনটি বিভাগে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচি আমরা কেন্দ্র থেকে অনুমোদন করিনি এবং ঐ ধর্মঘটের সঙ্গে আমাদের বা সাধারণ মালিক-শ্রমিকদের সমর্থন বা সম্পৃক্ততা ছিল না। পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে আলোচনায় কিছু দাবি পূরণের আশ্বাস পেয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত ঐ ধর্মঘট স্থগিত করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি।
