ডাকসু ভিপির পদত্যাগ দাবি জিএসের

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের পদত্যাগ দাবি করেছেন দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ হারানো ডাকসুর জিএস গোলাম রাব্বানী। গতকাল রবিবার বেলা ১১টায় ডাকসুর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। রাব্বানী বলেন, ‘নুরুল হক নুরের ফাঁস হওয়া অডিও রেকর্ড দুর্নীতির প্রমাণ। এমন প্রমাণের পর তাকে পদত্যাগ করতে হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ভিপি নুরুল হক নুর বলেন, ‘দুর্নীতিতে সম্পৃক্ত থাকার দায়ে যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি কি না আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন! ক্ষমতাসীন ছাত্র সংগঠনের চেয়ে আমার ক্ষমতা কি বেশি?  যেখানে শিক্ষার্থীদের জন্য কাজ করতে গেলেই আমাকে বাধা দেওয়া হচ্ছে, সেখানে এ ধরনের অভিযোগ পুরোটাই মিথ্যা।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাব্বানী বলেন, ‘আমি ডাকসুর জিএস পদ ব্যবহার করে কোনো কাজ করিনি। যদি জিএস পদ ব্যবহার করে অনৈতিক কাজ করার কোনো অভিযোগ আমার বিরুদ্ধে ওঠে, পদত্যাগ করব।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ডাকসুর সদস্য রাকিবুল হাসান রাকিব। নুরের পদত্যাগ দাবির বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ডাকসুর সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ডাকসুর জিএসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের কারণে তিনি সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নিয়েছেন।’

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে ভিপি নুরের একটি খণ্ডিত ফোনালাপ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়। এরপর মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন নুরের পদত্যাগের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করে এবং তার ডাকসু কক্ষে তালা ঝুলিয়ে দেয়। তবে নুরের দাবি, তার ফোনালাপটি একজন সাধারণ মানুষের সঙ্গে হয়েছে। এটিকে খণ্ডিতভাবে গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির বিন্দুমাত্র প্রমাণ দিতে পারলে স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলেও তিনি জানান।

লিখিত অভিযোগ দিলে তদন্ত :ভিসি

ভিপি নুর ও জিএস রাব্বানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ নিয়ে সবাইকে সহনশীল হতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল ডাকসু ভিপির পদত্যাগের দাবি ওঠার পর গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন। উপাচার্য আরো বলেন, ‘সবাইকে সহনশীল আচরণ করতে হবে। কারো বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ প্রদান করলে আমরা নিয়মানুযায়ী তদন্ত করব।’