বিডিনিউজ ও এর প্রধান সম্পাদক খালিদীর ৪২ কোটি টাকা জব্ধ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০১:০৪

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদকের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে পোর্টালটি এবং এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের আদেশ অনুযায়ী গতকাল রবিবার কমিশন এ ব্যবস্থা নিয়েছে। ১ ডিসেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল বিকালে ঢাকা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত বিডিনিউজটোয়েন্টিফোরডটকম ও এর প্রধান সম্পাদকের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেয়।

দুদক সূত্র জানায়, আদালতের আদেশ অনুযায়ী, বিডিনিউজের ৯টি ও তৌফিক ইমরোজ খালিদীর নিজ নামে ১৩ স্থায়ী আমানতের মোট ৪২ কোটি টাকা অবরুদ্ধ করে কমিশন। এই ৪২ কোটি টাকার মধ্যে বিডিনিউজের নামে দুটি ব্যাংকের ৯টি হিসাবে ১৮ কোটি টাকা এবং খালিদীর তিনটি ব্যাংকে মোট ১৩টি স্থায়ী আমানতের ২৪ কোটি টাকা রয়েছে।

আদালতে করা দুদকের আইনজীবীর আবেদনে বলা হয়, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম ও এর প্রধান সম্পাদকের অস্থাবর সম্পত্তি বা স্থায়ী আমানতের হিসাবগুলো মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২), ৪(৩) এবং দুদক আইনের ২৭(১) ধারার অপরাধের সঙ্গে সম্পৃক্ত। এই হিসাবগুলো অবরুদ্ধ না করা হলে তা হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে, যা পরে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

উল্লেখ্য, প্রসঙ্গত, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গত ৫ নভেম্বর বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে তলব করে চিঠি দেয় দুদক। ঐ চিঠিতে তৌফিক ইমরোজ খালিদীকে ১১ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছিল। পরে তিনি সময় দাবি করে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তাকে পুনরায় ১২ নভেম্বর চিঠি দেয় দুদক। সেই চিঠির ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর দুদক তৌফিক ইমরোজ খালিদীকে জিজ্ঞাসাবাদ করে। ঐ দিন জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌফিক ইমরোজ খালিদী বলেন, আসলে একটা বিনিয়োগ হয়েছে, একটা কোম্পানি বিনিয়োগ করেছে, বিনিয়োগ হওয়ার পর সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। সেটা তারা (দুদক) খতিয়ে দেখবার চেষ্টা করছেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে, তারা দেখবেন, খতিয়ে দেখবেন।