ভোট চাওয়ার অধিকার একমাত্র আওয়ামী লীগের অন্য কারো নয়: নাসিম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:২২

জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার একমাত্র উন্নয়নের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলেরই আছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'উন্নয়ন দেবে আওয়ামী লীগ, আর ভোট চাইবে অন্যরা। এ দেশের জনগণ তা মেনে নেবে না। মানতে পারে না।  সারা দেশে নৌকার গণজোয়ার দেখে ওরা ভীত সন্ত্রস্ত  হয়ে পড়েছে। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার সাহস না পেয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তাদের মায়াকান্নায় জনগণের মন গলবে না। জননেত্রী শেখ হাসিনা ১০ বছরের শাসনামলে দেশের উন্নয়ন করেছেন, জঙ্গী দমন করেছেন, পদ্মাসেতু নির্মাণ করছেন, এ দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তিতে আছে। এ দেশের জনগণ বিজয়ের মাস ৩০ ডিসেম্বর উন্নয়নের পক্ষে রায় দেবে। শান্তির পক্ষেই থাকবে।'

মোহাম্মদ নাসিম সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার কোবদাসপাড়া ও সন্ধ্যায় মিরপুর বাসস্ট্যান্ডে পৃথক আরো দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

বিকেলে আব্দুল্লাহ আল মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু। বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান, সেলিনা বেগম স্বপ্না, এমপি, এ্যাডঃ আব্দুর রহমান, এ্যাডঃ বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, হাজী ইসহাক আলী, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, রিয়াজ উদ্দিন, হেলাল উদ্দিন ও  দানীউল হক দানী মোল্লা প্রমুখ। 

নাসিম সিরাজগঞ্জ-২ সদর আসনের প্রার্থী অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে সিরাজগঞ্জের শহরতলী এলাকায় ২টি এবং ইউনিয়ন পর্যায়ে একটি জনসভা করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। প্রতিটি জনসভায় তিনি অধ্যাপক মিল্লাতকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রার্থী হিসেবে পরিচয় করে দিয়ে তাকে জয়যুক্ত করারও আহবান জানান। 

মোহাম্মদ নাসিম দুপুরে অধ্যাপক মিল্লাতের নৌকা প্রতীকের ভোটের জন্য শহরের এস. এস রোডে ব্যবসায়ীদের মাঝে গণসংযোগ করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সরকারি সুযোগ সুবিধা প্রটোকল ছাড়াই ব্যক্তিগত নিরাপত্তা, পতাকাবিহীন ব্যক্তিগত গাড়ি নিয়ে সিরাজগঞ্জের এই নির্বাচনী জনসভায় বক্তব্য দেন এবং গণসংযোগে অংশ নেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, 'বিজয়ের মাস ডিসেম্বর। এই মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ও ১৪ দল পরাজিত হতে পারে না। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে এদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও বিজয়ী করবে। তিনি বলেন ৭১ সালে রাজাকার, মুক্তিযুদ্ধের বিরোধীরা ছিলো, এখনও আছে। এবার নতুন করে মীরজাফরের জন্ম হয়েছে। ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকীরা রাজাকারদের পক্ষে সাপাই গায়।  এটা জাতির জন্য দুর্ভাগ্যের।'

মোহাম্মদ নাসিম পৃথক তিনটি নির্বাচনী জনসভায় অভিন্ন সুরে বলেছেন, 'আওয়ামীলীগ ছাড়া দেশে অন্য কোন সরকার দৃশ্যমান কোন উন্নযন করেনি। তারা জঙ্গির উত্থান করেছিল। হাওয়া ভবন প্রতীষ্টা করেছিল। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ১০ বছরের শাসনামলে দেশে উন্নযনের জোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের স্বার্থে শান্তির স্বার্থে নৌকায় ভোট দিন।'

আরও পড়ুনঃ প্রার্থীদের নিরাপত্তা দিতে পুলিশকে ইসির নির্দেশ

'উন্নয়ন করে আওয়ামী লীগ, ভোট চাওয়ার অধিকার রাখে আওয়ামী লীগ' উল্লেখ করে তিনি আরো বলেন, 'উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে নৌকার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই।'

ইত্তেফাক/নূহু