মুহাম্মদ নিজামউদ্দিন, চট্টগ্রাম অফিস
নগরীর আউটার স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বিজয় মেলা। ‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার’ শিরোনামে বিজয় মেলা পরিষদ এই মেলার আয়োজন করেছে। প্রতিদিন গভীর রাত পর্যন্ত মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাদের নিজেদের তৈরি সামগ্রী নিয়ে মেলায় পসরা সাজিয়েছেন। এদিকে এখানে মেলার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়াম গেটের সামনে বিজয় শিখা প্রজ্বলনের পর নির্মিত মঞ্চে স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হবে। মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুস বলেন, ১৯৮৯ সালে বিজয় মেলা শুরু হয়েছে। এই মেলা স্বাধীনতা-প্রিয় মানুষের আত্মার মিলনমেলায় পরিণত হয়। মুক্তিযুদ্ধের প্রজন্ম, সন্তান ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে প্রতিবছর বিজয় মেলার আয়োজন করা হয়। তবে ডিসেম্বরের প্রথম থেকে শুরু হওয়া এই মেলা এখন বেশ জমে উঠেছে। নগরবাসী ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে নারী, পুরুষ ও শিশু মেলায় ভিড় করছে। মেলায় পণ্যের দাম কম থাকায় লোকজনের সমাগম বেশি বলে বিক্রেতারা জানান। মেলায় মিলছে মাটির তৈরি সামগ্রী, মেয়েদের আকর্ষণীয় ইমিটেশন গহনা, শীতের শাল, ছোটো-বড়োদের ব্লেজার, সোয়েটার, জামদানি শাড়ি, থ্রি-পিস, শিশুদের খেলনা, মুখরোচক খাবার, খেজুরের গুড় এবং রকমারি আচারের দোকানগুলোতে বিক্রেতাদের দম ফেলারও ফুরসত মিলছে না। এছাড়া অ্যালুমিনিয়ামের তৈরি কড়াই, পাতিল, কলসি, দা, বঁটি, পিঁড়ি, কাঠ, লোহা, ননস্টিক ও স্টিলের অত্যাবশ্যকীয় গৃহস্থালি পণ্য।
আচার বিক্রেতা সুমন জানান, তারা গত বছরও মেলায় স্টল নিয়েছিলেন। অনেকেই এখানে খাচ্ছেন আবার বোতলভর্তি আচার বাসায় নিয়ে যাচ্ছেন। বেচাকেনা বেশ ভালো বলে জানান তিনি। নগরীর চকবাজার থেকে পরিবার নিয়ে মেলায় আসা ব্যাংকার জসিমউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের নামে মেলার নামকরণের কারণে বেশি আসতে ইচ্ছা হয়। তাই পরিবার নিয়ে প্রতিবছরই মেলায় আসি। মেলায় নিত্য ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যায়। বছরের ব্যবহারের জিনিসপত্র বিজয় মেলা থেকে সংগ্রহ করি।
মেলায় সোনারগাঁওয়ের তাঁতে তৈরি জামদানি শাড়ি মিলছে ৩ থেকে ৬ হাজার টাকায়। এছাড়া কুমিল্লা খাদি কালেকশন, সৌরভ খাদি ভান্ডারে পাওয়া যাচ্ছে বাহারি ফ্যাশনের থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া, শার্টসহ আকর্ষণীয় সব পোশাক। অপরদিকে মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড। সবমিলিয়ে মেলা বেশ জমে উঠেছে।
