বিআরটিসি বাস চলাচল বন্ধের প্রতিবাদে সমাবেশ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধনের পরদিনই বাস চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়েছে  নেত্রকোনাবাসী।

বিআরটিসি বাস সার্ভিস দ্রুত চালুর দাবিতে সোমবার দুপুরে পৌরসভার সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনগণ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে রবিবার থেকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চারটি বিলাসবহুল বাস নিয়ে বিআরটিসি বাস সার্ভিস চালুর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই বেসরকারি বাস মালিক সমিতির প্রভাবশালী মহল বাস চলাচলে বাধা দেয় এবং এই সার্ভিস বন্ধ করে দেয়।

বক্তারা অবিলম্বে স্থানীয় প্রশাসনের কাছে বিআরটিসি বাস সার্ভিস পুনরায় চালুর জোর দাবি জানান।