দেবীগঞ্জে মুক্ত দিবস উদ্যাপন
দেবীগঞ্জ (পঞ্চগড়) দেবীগঞ্জ মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সোমবার উদ্যাপন হয়েছে। এ উপলক্ষ্যে দেবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্ত দিবস উদ্যাপন কমিটির সভাপতি প্রত্যয় হাসান সভায় সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার এ কে ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দীন চৌধুরী, নাসিরউদ্দীন চৌধুরী প্রমুখ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী প্রমুখ।
পায়রাবন্দে বেগম রোকেয়া দিবস উদ্বোধন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৯তম জন্ম ও ৮৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার জন্মভূমি মিঠাপুকুরের পায়রাবন্দে সোমবার তিন দিনব্যাপী রোকেয়া মেলাসহ বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শুরু হয় কর্মসূচির আনুষ্ঠানিকতা। বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে অয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানম, ঢাকা বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার প্রমুখ।
কুমারখালি মুক্ত দিবস উদ্যাপন
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা কুমারখালিতে নানা আয়োজনে সোমবার উদযাপন হয়েছে মুক্ত দিবস। মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির আয়োজনে এ উপলক্ষ্যে শহরের হল বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষ হয় স্থানীয় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, মুক্তিযোদ্ধা কমান্ডার লুত্ফর রহমান, মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, মুক্তিযোদ্ধা মানিক কুমার ঘোষ প্রমুখ।
নড়াইল মুক্ত দিবস আজ
নড়াইল প্রতিনিধি আজ ১০ ডিসেম্বর, নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে নড়াইলের মুক্তিবাহিনী, মুজিববাহিনী এবং মুক্তিপাগল দামালছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী মিলিশিয়া বাহিনী ও রাজাকারদের সঙ্গে সম্মুখযুদ্ধে পরাজিত করে নড়াইলকে মুক্ত করে। দিবসটি পালনের জন্য নড়াইলের জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এই বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনসহ সদর হাসপাতালের চিকিত্সক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা বেগমগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সোমবার ১৮ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজসহ যাবতীয় উপকরণ বিতরণ করেছে। বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ভূঞা জানান, ২০১৮ সালে নোয়াখালী জেলায় কৃষি উন্নয়নের জন্য নোয়াখালী কৃষি উন্নয়ন প্রকল্প গঠন করা হয়। এর অধীনে বেগমগঞ্জে কৃষকদের ভূট্টা, ফেলন ও সরিষা চাষে আগ্রহী করে তোলার জন্য চলতি মৌসুমে ১৮টি প্রদর্শনী প্লট করার স্থান নির্বাচন করা হয়েছে। কৃষি বিভাগ এদিন ১৮ জন কৃষককে এগুলো বিনামূল্যে বিতরণ করে। পরবর্তীতে প্লটের আন্তঃপরিচর্যার জন্য নগদ অর্থও দেওয়া হবে।
মাদারীপুর মুক্ত দিবস আজ
মাদারীপুর প্রতিনিধি আজ ১০ ডিসেম্বর, মাদারীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে তত্কালীন মুক্তিযোদ্ধা কমান্ডার খলিলুর রহমান খানের নেতৃত্বে মাদারীপুর হানাদার মুক্ত হয়। ঐ সময় পাক হানাদার বাহিনীর সঙ্গে প্রায় ৫৬ ঘণ্টা সশস্ত্র সম্মুখযুদ্ধ হয়। এতে সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু শরীফ ঘটনাস্থলে শহিদ হন।
০
