দুর্নীতিমুক্ত হলে দেশ হবে শোষণমুক্ত সোনার বাংলা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:০০

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের সমাবেশে ড. আনিসুজ্জামান

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, দেশ অনেক দিক দিয়ে এগিয়েছে, তবে দেশকে দুর্নীতিমুক্ত করতে পারলে আরো এগিয়ে যেত। দুর্নীতিমুক্ত করা গেলে দেশ শোষণমুক্ত সোনার বাংলা হবে। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে তরুণ প্রজন্মের প্রতিনিধি শিক্ষার্থী ও সততা সংঘের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আনিসুজ্জামান আরো বলেন, দুদকের মতো একক প্রতিষ্ঠানের পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। দেশের নাগরিকদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত করতে হবে। শিক্ষার্থীরা যদি প্রথম থেকেই দুর্নীতিবিরোধী মনোভাব যেমন নকলমুক্ত, প্রক্সি না দেওয়া, ভর্তিবাণিজ্যের মতো অনৈতিকতা থেকে মুক্ত থাকতে পারে, তাহলে তারা দুর্নীতি করবে না, অন্যকে দুর্নীতি করতেও দেবে না। ছাত্রছাত্রীরা এভাবে ইতিবাচক মনোভাব নিয়ে বেড়ে উঠলে বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত হবে। তিনি তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দুর্নীতিবিরোধী মনোভাব নিয়ে এগিয়ে যাও এবং নিজেরা শপথ কর। আজকের এই দুর্নীতিবিরোধী শপথ ভবিষ্যত্ জীবনে প্রতিভাত কর।

একই অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এক রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি। আমি জাতির পিতাসহ মহান শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলছি, দুর্নীতির কারণেই তাদের আশা-আকাঙ্ক্ষা আমরা পুরোপুরি পূরণ করতে পারিনি। ৪৮টি বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চলছে। এটা লজ্জার। দুদকের মতো একটি প্রতিষ্ঠান একা যুদ্ধ করে দুর্নীতি হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় বন্ধ করতে পারবে না, তবে আমাদের আশার আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে তরুণ প্রজন্মের এসব শিক্ষার্থীরা, যারা ২০৩০ সালের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। মাত্র গুটি কয়েক মানুষের দুর্নীতির কাছে আমাদের পরাজয়ের কোনো সুযোগ নেই।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়র বখ্ত প্রমুখ।