ইত্তেফাক রিপোর্ট
চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেসন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। এই বাসের রুট হবে সদরঘাট থেকে ধোলাইখাল ও ডেমরার স্টাফ কোয়ার্টার হয়ে রামপুরা পর্যন্ত। রামপুরা থেকে আবার একই রুটে সদরঘাটে বাসটি ফিরে আসবে।
ডিএসসিসির মেয়র বলেন, পুরান ঢাকায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিআরটিসির বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এটা পরীক্ষামূলকভাবে চালানো হবে। যদি সফলভাবে সম্পন্ন করা যায়, তাহলে স্থায়ীভাবে চক্রাকার বাস সার্ভিস হিসেবে দীর্ঘমেয়াদিভাবে এই রুটে এটা চালানো হবে। মেয়র সাঈদ খোকন আরো বলেন, জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্থিমিত হয়ে পড়েছিল। তবে এখন পুরোদমে কাজ চলছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এসব বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং এ সভায় আলোচিত বিষয়গুলো পরবর্তী সময়ে বাস মালিকদের নিয়ে আরেকটি সভার মধ্য দিয়ে অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নির্ধারিত দুই বছর সময়কালের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন আহমেদ, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
