বিদেশি ছাত্রীর ব্যাগ চুরি :গ্রেফতার ৩

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:০১

ইত্তেফাক রিপোর্ট

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে সালওয়া বিনতে জুলকাফলিল নামে মালয়েশীয় ছাত্রীর ব্যাগ চুরির ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের শ্যুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম। গ্রেফতাররা হলো—খায়রুল আলম খান ওরফে আরিফ, কালিশংকর মুন্সি ও জাহাঙ্গীর আলম ওরফে সোবান। গত শনিবার সাংবাদিক পরিচয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির এক অনুষ্ঠানে ঢুকে পড়ে চোরচক্র। পরে তারা মালয়েশীয় এক ছাত্রীর ভ্যানিটি ব্যাগ চুরি করে পালিয়ে যায়। বাড্ডা থানায় ঐ ছাত্রী বিষয়টি নিয়ে অভিযোগ করার পর চুরির বিষয়টি জানাজানি হয়। গত রবিবার বিকালে কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ঐ ছাত্রীর চুরি হওয়া মালামাল।