ট্রাক্টর বিক্রি কমছে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:০২

উত্তরাঞ্চলের ১৬ জেলায় ট্রাক্টর ব্যবহার বন্ধের পথে

রেজাউল হক কৌশিক

চলতি বছরের প্রথম ১০ মাসে ট্রাক্টর বিক্রি প্রায় ১০ শতাংশ কমে গেছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ৬ হাজার ২৮৭টি ট্রাক্টর বিক্রি হয়েছে। অথচ আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৮ হাজার ৯৭১টি ট্রাক্টর। ২০১৭ সাল পর্যন্ত ট্রাক্টরের বিক্রি ২০-৩০ শতাংশ হারে বাড়ছিল বলে ট্রাক্টর বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক মাস ধরে মহাসড়কে ট্রাক্টর চলতে দেওয়া হচ্ছে না। ট্রাক্টরে ট্রলি লাগিয়ে যে কৃষিপণ্য পরিবহন করা হয়, মহাসড়কে তা-ও করতে দেওয়া হচ্ছে না। কৃষকদের বাড়ি থেকে মাঠে নিয়ে যাওয়া, তেলের পাম্প থেকে তেল নিতে যাওয়ার মতো অল্প সময়ের জন্যও মহাসড়কে উঠলে ট্রাক্টর আটক করা হচ্ছে। এমনকি ট্রাক্টরের মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করার মতো ঘটনাও ঘটছে। এতে ট্রাক্টরের ব্যবহার কমছে। বিশেষ করে উত্তারাঞ্চলের জেলাগুলোতে এ সমস্যা দেখা দিচ্ছে। ফলে এ অঞ্চলের ১৬ জেলায় ট্রাক্টর বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এগ্রিকালচারাল ট্রাক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্যমতে, দেশে বর্তমানে প্রায় ৫০ হাজার ট্রাক্টর কার্যকরভাবে চালু রয়েছে। দুই বছর আগে ট্রাক্টর বিক্রি বাড়ছিল। তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে বিক্রি কমতে থাকে। কৃষি যান্ত্রিকীকরণের অন্যতম অনুষজ্ঞ ট্রাক্টর বিক্রি কমে গেলে কৃষি যান্ত্রিকীকরণের গতি বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন এই সংগঠনের নেতারা।

এ বিষয়ে কৃষি যান্ত্রিকীকরণের ভূমিকা রাখা অন্যতম প্রতিষ্ঠান দ্য মেটাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাদিদ জামিল বলেন, অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসই হলো ট্রাক্টর বিক্রির উপযুক্ত মৌসুম। সারা দেশেই বিক্রিতে এখন নেতিবাচক প্রবৃদ্ধি। উত্তরবঙ্গে কৃষকের সঙ্গে চলমান ঘটনায় একধরনের ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ট্রাক্টর চালানোর ক্ষেত্রে জটিলতা থাকলে তা সময় দিয়ে দ্রুত সমাধান করতে হবে। চালকদের লাইসেন্সিং করা এবং গাড়িগুলোকে রেজিষ্ট্রেশন করার সুযোগ দিতে হবে। তা না হলে কৃষকের মনে আস্থাহীনতা তৈরি হবে। এতে যান্ত্রিকীকরণ বাধাগ্রস্থ হতে পারে। কৃষি খাত বিপাকে পড়তে পারে।

জানা গেছে, দেশের বাজারে ট্রাক্টর সংযোজন, আমদানি ও বিপণন করছে এমন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দ্য মেটাল প্রাইভেট লিমিটেডের ট্যাফে, এসিআই মোটরসের সোনালিকা, র্যানকন ও কর্ণফুলী লিমিটেডের মাহিন্দ্র, মেটাল প্লাসের আইসার, পারফরম্যান্স মোটরসের স্বরাজ, গেটকোর নিউ হল্যান্ড, ইফাদ অটোসের এসকর্ট এবং এনার্জিপ্যাকের জন ডিয়ার ব্র্যান্ডের ট্রাক্টর বাজারে রয়েছে।