স্পোর্টস রিপোর্টার
প্রতি বছরই এমনটা হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে বিসিবি একাডেমি পরিণত হয় ক্রিকেটারদের মিলনমেলায়। একই মাঠে দিনভর অনুশীলন করেন অনেক ক্রিকেটার। সকাল থেকে পড়ন্ত বিকাল পর্যন্ত পালাক্রমে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন চলে দলগুলোর।
গতকাল সকালে সিলেট থান্ডার, দুপুরে ঢাকা প্লাটুন, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অনুশীলন করেছে। বিকালে খুলনায় টাইগার্স, কুমিল্লা ওয়ারিয়র্স অনুশীলনে ঘাম ঝরিয়েছে।
বঙ্গবন্ধু বিপিএলের ছয়টি দলেরই স্পন্সর পেয়ে গেছে বিসিবি। শুরুতে পাঁচ দলের স্পন্সর ছিল। সর্বশেষ রংপুর রেঞ্জার্সের স্পন্সর হয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস। এখনো স্পন্সর পাওয়া যায়নি কুমিল্লা ওয়ারিয়র্সের। এ দলটির মালিকানা থাকছে বিসিবির হাতেই। গতকাল সবগুলো দলই জার্সি গায়ে অনুশীলন করেছে। শুধু কুমিল্লা ওয়ারিয়র্সের ক্রিকেটাররাই এখনো জার্সি পাননি।
ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএল খেলেছিলেন ওয়াইজ শাহ। সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান এবার বিপিএলে রাজশাহী রয়্যালসের কোচের দায়িত্ব পালন করবেন। তার আশা, বিপিএলে ভালো করবে রাজশাহী। দলটা নিয়েও তুষ্ট তিনি। বিপিএলে ভালো কিছু করতে অলরাউন্ডারদের ওপরই ভরসা করছেন ওয়াইজ শাহ। টি-২০ ক্রিকেটে অলরাউন্ডাররাই নাকি সাফল্যের চাবিকাঠি।
আন্দ্রে রাসেল, রবি বোপারা, ফরহাদ রেজারা রয়েছেন রাজশাহীতে। এছাড়া টপঅর্ডারে আফগান বিস্ফোরক ওপেনার হযরত উল্লাহ জাজাই, লিটন কুমার দাসের মতো ব্যাটসম্যান পেয়ে উচ্ছ্বসিত ওয়াইজ শাহ।
মূল লড়াইয়ের অপেক্ষায় এখন তিনি। গতকাল বিসিবি একাডেমি মাঠে ওয়াইজ শাহ রাজশাহীর দলটা নিয়ে বলেছেন, ‘টি-২০’র চাবিকাঠি অলরাউন্ডাররা। আমাদের দলে রবি বোপারা ও আন্দ্রে রাসেলের মতো কয়েকজন অলরাউন্ডার আছেন। তবে আমরা এখনো কোনো ম্যাচ খেলিনি। আমাদের দেখতে হবে দল একসঙ্গে কীভাবে খেলে। আশাকরি ২-৩ দিনের মধ্যে সবাই এক হবে।’
টপঅর্ডারে লিটন এবং জাজাইকে নিয়ে বড়ো আশা রাজশাহী কোচের। ওয়াইজ শাহ বলেছেন, ‘দল নিয়ে খুবই সন্তুষ্ট। আমরা বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস ও আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাইয়ের মতো বিস্ফোরক ওপেনার পেয়েছি। আমি মনে করি আমাদের দলের ভারসাম্য যথেষ্ট ভালো।’
টুর্নামেন্ট শুরুর আগে সব বিদেশি ক্রিকেটারকে পেয়ে যাবে রাজশাহী। টি-২০ ফরম্যাট ব্যাটিংনির্ভর, সেখানে দর্শকদের বিনোদন জোগাতে খেলবে রাজশাহী। দলটির কোচ গতকাল বলেছেন, ‘আমি আশা করছি আমরা দারুণ ক্রিকেট পাব। টি-২০ সাধারণত ব্যাটসম্যাননির্ভর খেলা। ফাস্ট বোলার, স্পিনারদের কাছ থেকে কিছু দেখতে পারাটাও দারুণ হবে। খেলাটার মূল লক্ষ্য দর্শকদের বিনোদন দেওয়া। বিপিএল একটা ভালো পণ্য তা নিশ্চিত করতে হবে। এবং তা যেন দর্শকদের মাঠে টানে।’
ম্যাচ বাই ম্যাচ ধরে এগিয়ে যেতে চান ওয়াইজ শাহ। রাউন্ড রবিন লিগ পার হওয়ার দিকেই আপাতত নজর দিচ্ছেন তিনি।
লিটন দাস ছাড়াও দেশীয় ক্রিকেটারদের মধ্যে রাজশাহী দলে আছেন আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, তাইজুল ইসলামরা। বিদেশিদের মধ্যে গতকাল পাকিস্তানের দীর্ঘকায় পেসার মোহাম্মদ ইরফানও অনুশীলন করেছেন দলের সঙ্গে। আগামী ১১ ডিসেম্বর শুরু হবে বিপিএলের সপ্তম আসরের মাঠের লড়াই। রাজশাহী নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ ডিসেম্বর। ঢাকা প্লাটুনের বিরুদ্ধে মাঠে নামবে রাজশাহী।
