স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে এখনো ট্রফির স্বাদ পায়নি চট্টগ্রাম বিভাগের দলটি। বঙ্গবন্ধু বিপিএলে ট্রফির খরা ঘোচাতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামীকাল শুরু হতে চলা বিপিএলের সপ্তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার মতো রসদ দলটিতে রয়েছে বলে মনে করেন নাসির হোসেন। গতকাল অনুশীলন শেষে বিসিবি একাডেমি মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ক্রিকেটার বলেছেন, টুর্নামেন্টে তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।
গতকাল কোচ পল নিক্সনের অধীনে অনুশীলন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির সহকারী কোচ মঞ্জুরুল ইসলাম। গতকাল অনুশীলনে চট্টগ্রাম শিবির পেয়েছে স্বস্তির জোগান। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বিপিএলের শুরুতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। গতকাল অবশ্য বিসিবি একাডেমির নেটে বেশ স্বাচ্ছন্দ্যে প্রায় এক ঘণ্টা ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ।
তবে চট্টগ্রামে ওপেনারদের হাটই বসেছে বলতে হবে। অন্তত পাঁচ জন ওপেনার আছেন দলটিতে। ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, পিনাক ঘোষ, ক্রিস গেইল, চ্যাডউইক ওয়ালটন রয়েছেন চট্টগ্রাম দলে। তাই টপ অর্ডারের ব্যাটসম্যান বাছাই সহজ কাজ হবে না পল নিক্সনের জন্য।
নাসির হোসেন মনে করেন, চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে চট্টগ্রামের। এখন প্রয়োজন মাঠে পারফর্ম করা। গতকাল দলের লক্ষ্য সম্পর্কে নাসির বলছিলেন, ‘লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। আমি মনে করি, আমাদের দল যেভাবে আছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখি। এখন মূল কাজ হলো আমাদের মাঠে পারফর্ম করতে হবে।’
ব্যক্তিগত বড়ো কোনো লক্ষ্য নেই নাসিরের। এমনকি আগামী বছরের টি-২০ বিশ্বকাপ নিয়েও ভাবছেন না তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান গতকাল বলেছেন, ‘আমি শুধু এতটুকুই বলব, প্লেয়ার হিসেবে আমি যেখানেই খেলি না কেন, আমি পারফর্ম করার চেষ্টা করি। আর টি-২০ বিশ্বকাপ নিয়ে আমার মাথায় এখন এমন কিছুই নাই। কারণ আমি যতটুকু বুঝি, আমার মাথায় যদি টি-২০ বিশ্বকাপ থাকে, আমার জন্য পারফর্ম করা কঠিন হয়ে যাবে। আমি সব সময় পারফর্ম করার চেষ্টা করি। পরিস্থিতি যা-ই হোক না কেন, আমি পারফর্ম করতে চেষ্টা করি। ওই প্ল্যানেই আমি বিপিএল খেলব।’
বিপিএলের বাকি দলগুলোও ভারসাম্যপূর্ণ বলে বিশ্বাস করেন নাসির। গতকাল তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয়, বাকি যে দলগুলো আছে, সবারই চ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য আছে। আপনি টি-২০ খেলা যদি দেখেন, আমার মনে হয় না ১১টা প্লেয়ার খেলে। আমার মনে হয় যে দুই-তিনটা ব্যাটসম্যান পারফর্ম করে আর ২টা বোলার ভালো করলেই হয়তোবা ম্যাচ জিতে যায়। সব দলে এমন খেলোয়াড় আছে।’
