চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীতে সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত বিমান যাত্রীদের দ্রুত পরিবহনে ওয়াটার বাস সার্ভিস গত সোমবার থেকে চালু হয়েছে। এর ফলে যাত্রীরা যানজট এড়িয়ে দ্রুত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।
গতকাল সকাল ৭টায় সদরঘাটের ওয়াটার বাস টার্মিনাল থেকে এক জন যাত্রী নিয়ে ২৫ নটিক্যাল মাইল গতিতে যাত্রা শুরু করে প্রথম ওয়াটার বাসটি। সকাল ৮টায় দ্বিতীয় ট্রিপে যাত্রী ছিলেন দুই জন। বেলা ১২টা ২৫ মিনিটে তৃতীয় ট্রিপেও যাত্রী ছিলেন দুই জন। ওয়াটার বাস পরিচালনাকারী সংস্থা এসএস ট্রেডিং সূত্রে জানা গেছে, উল্লেখিত ট্রিপগুলো এবং বিকাল ৩টা ও সন্ধ্যা ৭টাসহ সদরঘাট থেকে প্রতিদিন পাঁচটি ট্রিপ ছাড়বে। অন্যদিকে পতেঙ্গা থেকে সকাল সাড়ে ৮টা, সাড়ে ১১টা, বেলা ২টা ২৫ মিনিট, সাড়ে ৪টা ও রাত সোয়া ৯টায় ওয়াটার বাসগুলো বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
সড়কপথে ধুলাবালি ও যানজট এড়িয়ে বিমানের যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে ওয়াটার বাস সার্ভিস চালু করা হয়েছে। ওয়াটার বাসগুলোতে জনপ্রতি পূর্বনির্ধারিত ভাড়া ৪০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা রাখা হয়েছে। ওয়াইফাই সুবিধাসহ শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি ওয়াটার বাসে ২৫টি আসন রয়েছে। এতে যাত্রীদের জিনিসপত্র রাখারও সুব্যবস্থা আছে।
