বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.)-র ওফাত দিবস উপলক্ষ্যে মাজারে দুই দিনব্যাপী বার্ষিক উরস শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে শুরু হয়ে আজ মঙ্গলবার রাতে শেষ হবে এ ওরস। ধর্মপ্রাণ মানুষের কাছে দেশের দ্বিতীয় আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত বাগেরহাট শহরতলীর খানজাহান আলী (র.)-র মাজারে এ বছর ৫৭৯তম বার্ষিক উরসের আয়োজন করা হয়েছে।
খানজাহান আলী (র.)-র উরস উপলক্ষ্যে দেশের হাজার হাজার মুরিদ-ভক্ত আশেকান রবিবার সন্ধ্যা থেকেই মাজার শরিফে এসে জড় হয়েছে। মাজারের প্রধান খাদেম ফকির শের আলী তত্ত্বাবধানে গতকাল মাজার শরিফ ধৌতকরণ ও খানজাহান (র.)-র মাজারে নতুন গিলাব দিয়ে ঢেকে দেওয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়।
ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান জানান, প্রতি বছরের অগ্রহায়ণ মাসের ২৪ ও ২৫ তারিখ এই উরস শরিফের আয়োজন করা হয়।
