পেঁয়াজ ছাড়া রান্না হলে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে :রাঙ্গা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৯

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, পেঁয়াজ ছাড়া রান্না হলে চাল ছাড়া ভাতও হবে। তাহলে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

রাঙ্গা বলেন, ‘বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন। উনি মনে করেছিলেন কৃষকদের সঙ্গে নিয়ে, সকল দলের লোকজনকে নিয়ে দেশটাকে গড়তে চেয়েছিলেন। উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেখান থেকে কিন্তু সরে যায়। বিএনপি ক্ষমতায় এসে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল।’

জাপা মহাসচিব বলেন, ‘বিএনপি সাড়ে ১০ লাখ টাকা দিয়ে তদন্ত টিম এনেছিল এরশাদের সম্পদের খোঁজ বের করার জন্য। কোনো সম্পদ খুঁজে পায়নি। এই টাকা জলে গেছে। এরশাদ কোনো দুর্নীতি করেননি। এরশাদ কাউকে খুন করেননি বলেই ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে। রাঙ্গা এসময় স্লোগান ধরেন, ‘দুই দলের দিন শেষ, জি এম কাদেরের বাংলাদেশ।’