কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সম্মেলনে শেখ সেলিম

জিয়া বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যার দায়ে ফাঁসি হতো

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৯

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বেঁচে থাকলে বঙ্গবন্ধুকে হত্যার দায়ে ফাঁসি হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। তিনি বলেন—‘জিয়া বঙ্গবন্ধুর হত্যায় সরাসরি জড়িত ছিলেন। আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে অন্যান্য খুনিদের মতো তারও ফাঁসি হতো। মৃত মানুষের বিচার হয় না। এজন্য জিয়া ও মোস্তাকদের বিচার হয়নি। বেঁচে থাকলে তারও বিচার হতো।’ গতকাল চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, আদালতে বিএনপির আইনজীবীদের হট্টগোল নজিরবিহীন ঘটনা। শুধু বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশেই প্রধান বিচারপতির উপস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালতে এমন হট্টগোলের কোনো নজির নেই।