আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্বল নেতৃত্বের কারণে বিএনপি বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ‘বিএনপির কে যে কখন কী বলে, সেটা বোঝা বড়ো কঠিন। তাদের এ মুহূর্তের নেতৃত্বের দুর্বলতা দলটিকে ঝুঁকির মুখে ফেলেছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির দুজন ডাক সাইটের নেতা বিদায় নিয়েছেন, আবার কে যে কখন যান, সেটা বলা মুশিকল। তাদের মধ্যে টানাপোড়েন চলছে। তারা সব কিছুতে ব্যর্থ হয়ে আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন।’ আরপিও অনুযায়ী আওয়ামী লীগের কমিটিতে ৩৩ শতাংশ নারী কোটা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তো ২০২০ সাল পর্যন্ত সময় আছে। সেটা আমাদের মাথায় আছে। আমরা নারী নেতৃত্ব ও প্রতিনিধিত্ব আরো বাড়ানোর ব্যাপারে সক্রিয় চিন্তা ভাবনা করছি।’ মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। মন্ত্রিসভার পরিবর্তন ও সংযোজন, এগুলো তো রুটিন অনুযায়ী সব দেশেই হয়।
আওয়ামী লীগের ২১তম সম্মেলনের প্রস্তুতির বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রস্তুতি ভালো। জেলাপর্যায়ে অনেকগুলো সম্মেলনের কাজ শেষ করেছি। ১৮ ডিসেম্বর সম্মেলন হবে ঝালকাঠি জেলায়। ১৩ তারিখ হবে গোপালগঞ্জের সম্মেলন।
আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলে যারা ভালো করবে না, তাদের দায়িত্বে পরিবর্তন আনা হবে। সাধারণ সম্পাদক পদে নিজের দায়িত্ব সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চাইলে দলের দায়িত্ব পালন করব। দায়িত্ব পালনে আমি কোনো চাপের মুখে নেই। আমি শারীরিকভাবেও সুস্থ আছি।’ তবে এই পদে নতুন কাউকে আনতে চাইলেও তাকে স্বাগত জানাবেন বলে মন্তব্য করেন তিনি।
