বিশ্ব মানবাধিকার দিবস আজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:২৬

আজ মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’। দিবসটি উপলক্ষ্যে হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর এইদিন ‘বিশ্ব মানবাধিকার দিবস’ হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানবাধিকার ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।