এক মাসে মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকালে ৩০৭ জন আটক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:২৯

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে সোমবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে শিশুসহ ১২ জন আটক হয়েছে। এ নিয়ে গত ১ মাসে এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৩০৭ জনকে আটক করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি ও থানা সূত্র জানিয়েছে, গত ১ মাসে মহেশপুর উপজেলার জলুলী, পলিয়ানপুর, খোসালপুর ও বাগাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি নারী ও শিশুসহ ৩০৭ জনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতদের উল্লেখযোগ্য অংশ শিশু। তাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

মহেশপুর থানা সূত্র জানিয়েছে আটককৃতরা ভারতের ব্যাঙ্গালুর ও বোম্বেসহ বিভিন্ন এলাকায় বসবাস করছিল। সম্প্রতি ভারতের নাগরিকপঞ্জির (এনআরসি) প্রভাবে সেখানে তাদের বসবাসে অসুবিধার কারণে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। আটকৃতরা জানান, তারা খুলনা, বাগেরহাট, বরিশাল, বরগুনা, নড়াইল অঞ্চলের অধিবাসী। তারা ভারতে বসবাস করে আসছিল এবং সেখানে কর্মরত ছিল। ভারতের একটি  বাহিনী তাদের নির্যাতন ও আটক করার কারণে তারা বাংলাদেশে চলে আসতে বাধ্য হচ্ছে। আটককৃতরা অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভারতে মাইগ্রেশন করা এসব লোকজনের বসবাসের অসুবিধার কারণে তারা আবার বাংলাদেশে চলে আসছে এবং বিজিবির হাতে আটক হচ্ছে। মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ জানান, তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় ৩৩টি মামলা হয়েছে। তাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।