পদকপ্রাপ্তদের গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০৫

নেপালে এসএ গেমসে পদকপ্রাপ্তদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ক্রীড়াবিদেরা ফিরে এলে সবাইকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। গতকাল তিনি ইত্তেফাককে বলেন, প্রধানমন্ত্রী ফোনে নেপালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ জোর সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী সব ক্রীড়াবিদকে অভিনন্দন জানাতে বলেছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ঘরে নয়, এবার খোলা আকাশের নিচে বড়ো জায়গায় ওদের (ক্রীড়াবিদদের) সংবর্ধনা দেওয়া হবে। তিনি বলেন, ‘ঢাকায় সবাই ফিরে এলেই আমি আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দিন-তারিখ নির্ধারণ করব।’

নেপালে এসএ গেমসে বাংলাদেশ গতকাল পর্যন্ত ১৯টি স্বর্ণপদক জিতেছে। সেই সঙ্গে পেয়েছে রৌপ্য ও ব্রোঞ্জ।