মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০৭

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ সকল ইউনিটের সম্মেলন শেষ করতে কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও স্থগিত করা হয়েছে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক জানান, মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে সম্মেলনে হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয়ভাবে কিছু প্রশ্ন উত্থাপিত হওয়ায় সেখানে আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরকমই নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, কেন্দ্রীয় সম্মেলনের পরে স্থানীয় পর্যায়ে গিয়ে, সেখানের স্থানীয় নেতাদের সঙ্গে বসে কথা বলে ভুল বোঝাবুঝি বা সমস্যাগুলো দূর করে, আরো সুষ্ঠুভাবে সেখানে যাতে সংগঠনের কার্যক্রম চলে সেই ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্র। এরই মধ্যে নানা অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার বিরুদ্ধে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন জেলার তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, জেলা আওয়ামী লীগে বিএনপি-জামায়াতসহ বিতর্কিতদের বিভিন্ন কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে তাদের এই মানববন্ধন। প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালের ২১ জুন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।