জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের দলের আসন্ন কাউন্সিল সামনে রেখে অভ্যন্তরীণ বিবাদের বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, ‘ভয়ের কিছু নেই, আমি ভয় পাই না। আমার শক্তির উত্স আপনারা (নেতাকর্মীরা)। যাকে নেতা নির্বাচন করবেন, তাকে মেনে চলতে হবে। নেতা পছন্দ না হলে তাকে পরিবর্তন করতে হবে। কিন্তু নেতা থাকবেন এক জন।’ গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, দলের কেন্দ্র থেকে জেলা পর্যায়ে সহযোগিতা করা হয় না—প্রায় সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে এমন অভিযোগ ওঠে। জেলার নেতারা মনে করেন, তারা কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবেন। সংগঠিত হলে আমার পক্ষে থাকবে কি থাকবে না, সেটা বিষয় নয়। মনে রাখতে হবে, হাত রুগ্ণ হলে আমি ভালোভাবে কাজ করতে পারব না।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিয়েছি। পিতার ভুলত্রুটি থাকতে পারে, তবে তার সমালোচনা করতে পারি না। আমরা বঙ্গবন্ধুর বিষয়ে কোনো সমালোচনা করব না। আমাদের সবার প্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার দলের লোকজনের কোনো ত্রুটি থাকলে আমরা সেটির সমালোচনা করতে পারি। কিন্তু বঙ্গবন্ধুর সমালোচনা করতে পারি না।’
জাপার চেয়ারম্যান বলেন, ‘সারা পৃথিবী যদি আমাদের বর্জন করে, কিংবা আমরা যদি পৃথিবীকে বর্জন করি, তাহলেও খেয়ে-পরে বেঁচে থাকতে পারব শুধু কৃষকদের কারণে। কিন্তু সেই কৃষকেরা সবচেয়ে বেশি অবহেলিত। অনেক সময় ভর্তুকি দেওয়ার কথা বলা হয়। কিন্তু প্রকৃত কৃষকেরা এই সুবিধা পান না। মধ্যস্বত্বভোগীরা এই সুবিধা লুটেপুটে খায়।’ তিনি বলেন, ‘কৃষকেরা ন্যায্যমূল্য পায় না। এই যে পেঁয়াজের দাম বেড়েছে, কৃষকেরা কি এর থেকে লাভবান হয়েছে? হয়নি।’
জাতীয় কৃষক পার্টির সভাপতি ও জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদারের সঞ্চালনায় সভায় জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্মমহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ বক্তব্য রাখেন।
টেপা আবারও কৃষক পার্টির সভাপতি
সম্মেলন শেষে জাপার চেয়ারম্যান জি এম কাদের আগামী দুই বছরের জন্য জাতীয় কৃষক পার্টির সভাপতি হিসেবে সাহিদুর রহমান টেপার নাম ঘোষণা করেন। আর সাধারণ সম্পাদক করা হয়েছে এ বি এম লিয়াকত হোসেন চাকলাদারকে। উল্লেখ্য, জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা এতদিনও কৃষক পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
