দুই এসএসসি পরীক্ষার্থী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০৯

দুই এসএসসি পরীক্ষার্থী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

জামালপুর : মাদারগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল উপজেলার দারোগাবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বালিজুড়ি এফ এম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র জুয়েল রানা (১৬) ও মাদারগঞ্জ সানশাইন হাইস্কুলের জাহিদুল (১৬)।

আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মিল শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ননী মজুমদার ও মিল শ্রমিক জামাল (৫০)। অপর দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি ।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁওয়ে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। রবিবার সালটিয়া-দেওয়ানগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পুরাতন ব্রহ্মপুত্র নদের সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা যাত্রী কৃষক উজ্জল (২৭), ব্যবসায়ী ও মোটরসাইকেল চালক ইমরান (৩০)।

ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুর-বরিশাল মহাসড়কে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বেল্লাল ফকির (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল চুমুরদী নামক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভাঙ্গা পৌরসদরের হগলাডাঙ্গি গ্রামের বাসিন্দা।